ব্রাহ্মণবাড়িয়া-১ আসনকে ঢেলে সাজাতে চাই: সৈয়দ আবেদ উল্লাহ নিউটন।
🖋 ফজলুল হক জয়
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সৈয়দ আবেদ উল্লাহ নিউটন বলেছেন, “আমি এ আসনকে আধুনিক, কার্যকর ও কল্যাণমুখী একটি জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের দোয়া ও সমর্থন নিয়ে তাদেরই একজন খাঁটি প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই ইনশাআল্লাহ।”
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের এই নেতা ও গুম ফেরত সাবেক ছাত্রনেতা বলেন, “রাজনীতির প্রধান উদ্দেশ্য হওয়া উচিত জনগণের কল্যাণে আত্মনিবেদন। সংসদ সদস্য নির্বাচিত হওয়া মানেই তা বাস্তবায়নের একটি বড় সুযোগ। আমি এই সুযোগটি চাই কেবল জনগণের খেদমতের জন্যই।”
স্মৃতিচারণ করে তিনি বলেন, “স্বৈরাচারী ও ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দমন-পীড়নের সময় আমি জীবন বাজি রেখে বিএনপির পতাকা বহন করেছি। আমাকে গুম করা হয়েছে, ডিবি কারাগারে শারীরিক নির্যাতনের শিকার হয়েছি, অথচ আমি দমে যাইনি। বরং প্রতিজ্ঞা করেছি—আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করবো।”
তিনি আরও বলেন, “এক সময় ছিল, অনেকে বিএনপির নাম মুখে নিতেও ভয় পেতো। কিন্তু আমি শহীদ জিয়ার আদর্শে রাজপথে থেকেছি, লড়েছি, কখনো আপস করিনি। এখন আমি চাই—এই দলের একজন সংসদ সদস্য হয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে।”
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের “ত্যাগী ও ক্লিন ইমেজধারীদের অগ্রাধিকার” বক্তব্যের প্রসঙ্গ টেনে সৈয়দ আবেদ উল্লাহ নিউটন বলেন, “আমি বিশ্বাস করি, সে মানদণ্ডে আমি মনোনয়ন প্রত্যাশা করার পূর্ণ যোগ্যতা রাখি। নাসিরনগর থেকে একমাত্র গুম ফেরত ও ডিবি কারাগারে নির্যাতিত কর্মী হিসেবে আমার অতীত ত্যাগ ও ভূমিকা দল মূল্যায়ন করবে—এই প্রত্যাশা করি।”
তিনি বলেন, “আমরা যারা তৃণমুলের ত্যাগী কর্মী, আমরাই জনগণের হৃদস্পন্দন বুঝি, আমরাই পারি তাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে। আমি আশাবাদী—আসন্ন নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিলে, আমি জনগণের ভালোবাসার প্রতিদান দিতে পারবো এবং একটি সুন্দর সমাজ বিনির্মাণে কার্যকর ভূমিকা রাখবো ইনশাআল্লাহ।”
তিনি জানান, ইতোমধ্যে তিনি নাসিরনগরের প্রতিটি ইউনিয়নে দলকে সুসংগঠিত করতে সক্রিয়ভাবে কাজ করছেন এবং ভবিষ্যতে এই পরিধি আরও বাড়বে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩১ জুলাই) এক সাংবাদিক সম্মেলনে উপরোক্ত বক্তব্য প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে বিএনপির সম্ভাব্য প্রার্থী সৈয়দ আবেদ উল্লাহ নিউটন।